| | |

মুক্তমনা ও নাস্তিক মিলিট্যান্সি

এই লেখাটি ২০১২ সালের। তখন ছিল ব্লগ-লেখালেখির যুগ। বাংলা ইন্টারনেটে আস্তিকতা, নাস্তিকতা, ইসলাম-সমালোচনা এবং পাল্টা-সমালোচনা নিয়ে বিস্তর বিতর্ক হতো। সে সময়ের অনেক আলোচনা অত্যন্ত উত্তপ্ত হত। আমিও তখন এ বিষয়ে বেশ কিছু লেখালেখি করেছিলাম। এই লেখাটি পাঠ করলে সেকালের স্বর ও ছাপ অনুভব করা যাবে ―সাথে সাথে বিতর্কিত বিষয়ের ঐতিহাসিক উত্তাপও।

সম্প্রতি সে সময়ের একজন অনুজ লেখক ও শুভাকাঙ্ক্ষী আমার “মুক্তমনা ও নাস্তিক মিলিট্যান্সি” শীর্ষক লেখাটি আবার কোনোভাবে প্রকাশ করার অনুরোধ করেন। তাই এটি পুনরায় প্রকাশ করছি।

সূচনা

বাংলাদেশে ধর্ম ও সেক্যুলার বিষয়ক এক শ্রেণীর চিন্তাশীল আছেন যারা ‘মুক্তমনা’ বলে পরিচিত। তাদের দাবির অবস্থান থেকে তারা যুক্তিবাদী, বিজ্ঞানমনষ্ক এবং ট্র্যাডিশন ও প্রাচীন প্রাতিষ্ঠানিকতা-মুক্ত। ধর্মীয় মিশনারিদের মত তারাও নিজেদের চিন্তার প্রচার ও প্রসার ঘটাতে চান। ধর্মের ব্যাপারে তাদের অভিযোগ যে মানবসমাজের বহু ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ ও বিবাদ-বিসম্বাদের পেছনে ধর্ম ব্যাপক ভূমিকা পালন করে। তাদের ধারণা, মানুষ ধর্মবিশ্বাস ত্যাগ করতে পারলে তার জীবন ও সমাজের উন্নতি ঘটবে। তাদের অনেকেই বিশ্বাসকে এক ধরনের মানসিক বা বৌদ্ধিক প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করেন, যা থেকে মানুষের মুক্ত হওয়া প্রয়োজন। এই মুক্তির একটি ধারা হচ্ছে নাস্তিকতা।

আমেরিকার ৯/১১ ঘটনার পর মুক্তমনা আন্দোলনটি এক বিশেষ ত্যাজ ও উদ্দীপনায় আসে। ইন্টারনেটে যারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে অভিজিৎ রায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি মুক্তচিন্তার এই ধারাকে সংগঠিত ও প্রসারিত করার উদ্দেশ্যে সম্ভবত ২০০২ সালে ‘মুক্তমনা’ নামক একটি বাংলা ব্লগ প্রতিষ্ঠা করেন।

মুক্তমনাদের লেখা এবং বিশেষ করে ‘মুক্তমনা সাইট’ থেকে প্রাপ্ত ধারণাগুলোর আলোকেই ছিল আমাদের এই লেখা। আমরা শংঙ্কিত যে তাদের এই পথটি সমাজে আরেকটি মিলিটেন্সি সৃষ্টি করবে কিন্তু কোন পরিত্রাণ আনবে না, কেননা মানুষের সমাজ যেসব ভিন্ন ভিন্ন সাংঘর্ষিক উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে ভিন্নমূখী সমস্যার জন্ম দেয় সেগুলো কোন একক আইডিয়েলিজমের (idealism) মাধ্যমে সমন্বিত হবার মত নয়। তাই কোন একটি উপাদানকে ধ্বংস দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে -এমনটি অতিসরলিকরণ হয় এবং এমন সরল ধারণার মিলিট্যান্ট রূপ আরেকটি সামাজিক সমস্যার সৃষ্টি করতে পারে।

আমরা এখানে মুক্তমনাগণের যে কয়টি ধারণাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব, সেগুলো ‘সকল’ মুক্তমনাদের ধারণা নয়, কেবল মুক্তমনা ব্লগ-সাইট এবং এর ‘সংজ্ঞায়িত’ মুক্তচিন্তার ধারণাগুলো নিয়ে।  যে কয়টি বিষয় আলোচনায় আসবে সেগুলো নিম্নরূপ:

  1. মুক্তচিন্তার দাবির অতিরিক্ততা
  2. মুক্তচিন্তার নামে একপেশে বয়ান
  3. ধর্মাবলম্বীদের একদম অন্ধবিশ্বাসী আখ্যায়ন
  4. নাস্তিক্যবাদকে নতুন বোতলে ধারণ
  5. মুক্তমনার সংজ্ঞা আবিষ্কার ও সমস্যা
  6. ধর্মাবলম্বীরা মুক্তচিন্তার বহির্ভূত দাবি
  7. মুক্তমনারা ধর্মবিরোধী কী-না
  8. শেষ কথা

এই অনুচ্ছেদগুলোর শিরোনাম থেকেই বোঝা যাবে যে এগুলোর মধ্যে বেশ কিছু থেমেটিক অভেরলাপিং বা অধিক্রমণের স্থান র‍য়েছে যেগুলো রিপিট হওয়ার সম্ভাবনা রাখে। তাই আমরা চেষ্টা করব যাতে আলোচনা একান্ত একগুয়ে না হয়ে ওঠে।

মুক্তচিন্তার দাবির অতিরিক্ততা: চিন্তা কী একান্ত মুক্ত, না এর বর্তমান ও অতীত ধারাবাহিকতা থাকে?

প্রথমে “মুক্তচিন্তা” বিষয়টি দেখা যাক। তাদের দৃষ্টিতে নাস্তিকতা হচ্ছে মানব-সমস্যার পরিত্রাণের একটি ধারা, এবং এর পথযাত্রায় ‘সন্দেহবাদ’ প্রথম পদক্ষেপ। ধর্মীয় আপ্তবাক্য, বিশ্বাস এবং পূর্বকাল থেকে চলে-আসা প্রথার ভিত্তিকে সন্দেহের আওতায় আনতে হবে। এসবের উপর যুক্তি প্রয়োগ করতে হবে, এবং আধুনিক বিজ্ঞান ও জ্ঞানের আলোকে অতীতের উত্তরাধিকারকে বিচার-বিশ্লেষণ করতে হবে। তবে পরিবর্তন আপনা-আপনি আসবে না। এর জন্য বৌদ্ধিক ও সামাজিক আন্দোলনের প্রয়োজন। ধর্ম, ধর্মীয় কর্তৃত্ব এবং প্রচলিত প্রথাসমূহকে সমালোচনা ও চ্যালেঞ্জের মুখে ফেলতে হবে। এর হাতিয়ার হবে ভাষা, যুক্তি ও বিজ্ঞান। এই ধারাতেই চিন্তার মুক্তি নিহিত।

এপর্যন্ত কোন প্রতিবাদ না করে, প্রথমে ‘মুক্ত-চিন্তার’ বাস্তবতা দেখা যাক। মানুষের মাথায় যেসব চিন্তা আসে সেগুলোর প্রকৃতি কি একান্ত ‘মুক্ত’, না ওগুলোতে পূর্ব-প্রেক্ষিত ও ঐতিহাসিক ধারাবাহিকতা থাকে? অন্যভাবে বললে, চিন্তা কি পূর্ব ধারাবাহিকতার সংমিশ্রণে গড়ে ওঠে, নাকি অতীতের সব ভিত্তি বিবর্জিত হয়ে সম্পূর্ণ নতুনভাবে গড়ে ওঠে? চিন্তার প্রকৃতির ঐতিহাসিকতা কী? প্রাচীন গ্রীস, ভারত এবং অন্যান্য স্থানে কি নাস্তিক চিন্তার উপস্থিতি ছিল না?

শাব্দিক দিক থেকে ‘মুক্ত’ শব্দটি দেখা যাক। ভাষার শব্দসমূহ সাধারণত তাদের বিপরীত ধারণার মোকাবেলায় অর্থবহ হয়। ঠাণ্ডা গরমের মোকাবেলায়, শক্ত নরমের মোকাবেলায়, সত্য মিথ্যার মোকাবেলায় ―এভাবে। আমরা যখন বলি ‘মুক্ত আকাশের পাখি’, তখন ‘মুক্ত’ কোন্‌ জিনিস তা বুঝি। আমরা যখন বলি। ‘পাখিটি খাঁচায় বন্দী’, বা ‘লোকটি রাজার বন্দীশালায় আবদ্ধ’, তখন স্বাধীনতা ও অধীনতার অর্থও স্পষ্ট হয়।

কিন্তু কোন লোক যে কারও অধীনে নয়, কারও বন্দীশালায়ও নয়, সে যদি বলে, “আমি এখন মুক্ত”, তাহলে বুঝতে হবে এখানে শব্দটির রূপকতাই (metaphoricity) উদ্দেশ্য। রূপক অর্থ অনেকভাবে আসে। কেউ বন্দীশালায় থেকেও বলতে পারে, “আমি মুক্ত আকাশের পাখি।” এতে শ্লেষাত্মক কিংবা ব্যঙ্গাত্মক অর্থও হতে পারে। আমি গরীব হয়েও বলতে পারি, “প্রাচুর্যের মধ্যে ডুবে আছি।” আপনি ‘বদ্ধমনা’ হয়েও বলতে পারেন ‘মুক্তমনা’, ‘মুক্ত-চিন্তক’। কেননা আপনি নিজের জন্য কোন শব্দ নির্বাচন করবেন, সেটা একান্ত আপনার ইখতিয়ারে। আপনার কানা ছেলের নামও ‘পদ্মলোচন’ রাখতে পারেন।

আগেই বলেছি শব্দের অর্থ তার বিপরীত শব্দসমূহে, নিজ শব্দের ‘ভিতরেই’ নিহিত নয়। আর অর্থ উৎপন্নের এই নিয়মটি সামাজিক এবং প্রথাভিত্তিক (সামাজিক convention-এর অংশ)। আমরা সমাজের ভাষিক প্রথার ‘ভিতরে’ থেকেই চিন্তার আদান-প্রদান করি। আমাদের অর্থ-বিনিময় (communication) কখনো সামাজিক প্রথার বাইরে নয়। শব্দের ‘অর্থ’ অন্যান্য শব্দের সংযুক্তিতে বা গোটা শব্দ সম্ভাবের জিঞ্জিরে বিসৃত অর্থাৎ গোটা ভাষা-ব্যবস্থায় (system of language) পরিব্যাপ্ত।

‘মুক্ত’ শব্দটি নিজে থেকেই নিজের অর্থ বহন করে না; এর অর্থ ভাষার অন্যান্য শব্দ, সামাজিক ব্যবহার এবং ঐতিহাসিক প্রেক্ষিতের সঙ্গে সমন্বিত। কেউ নিজেকে ‘মুক্তমনা’ বললেই তার দাবি চিন্তার ইতিহাস, ভাষার প্রথা কিংবা অর্থের সামাজিকতা থেকে মুক্ত হয়ে যায় না। মানুষের চিন্তা শূন্য থেকে জন্ম নেয় না; তা পূর্ববর্তী ধারণা, ভাষা ও ঐতিহাসিক ধারাবাহিকতার ভিতরেই গড়ে ওঠে।

মুক্তচিন্তার নামে একপেশে বয়ান: নিরপেক্ষতা ও রাজনৈতিক আদর্শ

ধরা যাক মুক্তি -একান্ত মামুলি অর্থে নেয়া। এদিক থেকে ‘মুক্তমনা’ যদি স্বাধীন চিন্তা ও স্বাধীন প্রত্যয়-কেন্দ্রিক হয়, এবং কেউ যদি বলে, “আমি খোদাতে বিশ্বাস করি না”, এবং আরেকজন বলে, “আমি খোদাতে বিশ্বাস করি”, তাহলে উভয়েরই মুক্তমনা হওয়ার সম্ভাবনা থাকা উচিত ―তাই কি নয়? কিন্তু প্রথম ব্যক্তি যদি বলে ওঠেন, “না, খোদাকে অস্বীকার না করলে মুক্তমনা হওয়া যাবে না”, তাহলে বুঝতে হবে, এখানে যুক্তি উদ্দেশ্য নয়; বরং যুক্তির পরিবর্তে অন্য কোন বিশেষ আদর্শিক ধারণা চালানো হচ্ছে।

এরপর যদি জেদ ওঠে যে, “আপনি কেবল খোদাকে অস্বীকার করলেই মুক্তমনা হবেন, নতুবা নন”, তখন ওখানে আলোচনার স্থানই বন্ধ হয়ে যায়। ওখানে কোন বিজ্ঞান থাকে না, কোন যুক্তিও থাকে না। চোখ বন্ধ করে খোদাকে অস্বীকার করলেই যদি মুক্তমনা হতে হয়, তবে এটি নিছক এক বিশ্বাস। সুতরাং যেখানে বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে খোদার অস্তিত্ব চূড়ান্তভাবে প্রমাণ করা যায় না, আবার অনস্তিত্বও চূড়ান্তভাবে প্রমাণ করা যায় না, সেখানে এক ধরণের বিশ্বাস বর্জন করে আরেক ধরণের বিশ্বাসে পদার্পণ করলেই তা “বৈজ্ঞানিক” হয় না।

তাদের আরেকটি কথা: মুক্তমনা হতে হলে পূর্ববর্তী সমাজ, সভ্যতা, আচরণ ও বিশ্বাসের প্রতি সর্বদা সন্দেহবাদী হতে হবে। প্রথাগত বিষয় (tradition) বোঝে না আসলেও সেটিকে চ্যালেঞ্জ করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। এমনকি সেইসব বিশ্বাসের প্রতি আক্রমণাত্মক হতে হবে। কিন্তু পথ ও পদ্ধতিতেও কি সত্যিই বিজ্ঞান নিহিত?

সন্দেহের বিষয়ে নিরপেক্ষভাবে একথা বলা যায়, যে কোন বিষয়ে কেউ হয়ত সন্দেহ পোষণ করতে পারে, আবার অন্য কেউ সেই একই বিষয়ে সন্দেহ পোষণ নাও করতে পারে। এতে উভয়েরই যুক্তির স্থান, দেখার প্রেক্ষাপট, তত্ত্ব-উত্থাপন এবং দর্শনের অভিজ্ঞতাও ভিন্ন হতে পারে। ভাষাবিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞানসহ নানা জ্ঞান-শাখায় বাস্তবতাকে ভিন্ন ভিন্নভাবে দেখার ঐতিহ্য রয়েছে।

সন্দেহ আবার স্বাভাবিকও হতে পারে। কিন্তু কেউ যদি সন্দেহকে ‘বাধ্যতামূলকভাবে’ মতবাদে পরিণত করতে চায়, এবং অন্যরা তা না মানলে আক্রমণাত্মক হতে হয়, তবে তা মুক্তচিন্তার কাজ হতে পারে না। কারণ, মুক্তচিন্তা দাবি কখনোই চিন্তার স্বাধীনতাকে সংকুচিত করার লাইসেন্স হতে পারে না।

ইতিহাস ও বাস্তবতা থেকে জানা যায় যে মানুষ কেবল ধর্মের নামেই মতাদর্শিক গোঁড়ামি করে না; অধর্মের নামেও করে। কেবল ধর্ম বিশ্বাসীরাই নিজেদের মতকে একমাত্র সত্য বলে মনে করে না; সেক্যুলার আদর্শ ও বিশ্বাসেও কখনো কখনো একই প্রবণতা দেখা যায়।

ধর্মাবলম্বীদের একদম অন্ধবিশ্বাসী আখ্যায়ন: একটি খেলা

আমাদের এ-ভূখণ্ডে মুক্তমনা বিষয়টি এক ধরনের ভাষিক খেলা, বা ডিগবাজি, যার মধ্যে থাকে ধর্মীয় প্রতিপক্ষকে ছোট করে দেখার প্রবণতা। কেউ “আমার আস্থা মুক্তবুদ্ধিতে —অন্ধবিশ্বাসে নয়” বললেই তার চিন্তা অমনি অমনি কোন উঁচু মাত্রায় পৌঁছে যায় না।

আমরা এখন ‘অন্ধ-বিশ্বাস’ শব্দযুগলটি বিবেচনা করব। এর generalised ব্যবহারে যুক্তির স্থানকে ঘোলাটে করা হয়। এখানে ‘অন্ধ’ শব্দটি  বিশেষণী রূপ পেরিয়ে metaphor of blindness হয়ে কাজ করে। এতে যে অর্থ-চিত্রটি (picturesque meaning) প্রকাশ পায়, তার মাধ্যমে ধারণার মূলবস্তুকে লক্ষ্যচ্যুত করা হয় ―যুক্তিবিচ্ছিন্ন করা হয়।

ধরুন কেউ বলল, ‘লোকটা কুত্তামনা’। তখন সে প্রতিপক্ষের মানবতাকে চূর্ণ করল, হেয় করল। এতে দ্রুতই এক ধরনের অপরায়নও হয়ে যায় ―মানুষটা স্বাভাবিক মানুষ নয়। একইভাবে কাউকে ‘অন্ধ-বিশ্বাসী’ আখ্যায়িত করার মাধ্যমে  তার মানবীয় চিন্তাশক্তিকে বিকলাঙ্গ হিসেবে দেখানো হয়।

এবারে ধারাবাহিকতা লক্ষ্য করুন। একজন প্রথমে নিজের জন্য ‘মুক্তমনা’ শব্দ নির্বাচন করেন, তারপর বিশ্বাসীদের মোকাবেলায় নিজেকে ‘চক্ষুষ্মান’ এবং  ধার্মিকের জন্য ‘অন্ধ’ শব্দ নির্ধারণ করেন। এভাবে ভাষার ইতিবাচক শব্দগুলো নিজেদের জন্য, আর নেতিবাচকগুলো প্রতিপক্ষের জন্য বরাদ্দ করলে কি যৌক্তিকতা প্রকাশ পায়?

নতুন বোতলে নাস্তিক্যবাদ

আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিষয়গুলোর বিভিন্ন অধিক্রমিত স্থানে বিচরণ করছি। এবারে দেখা যাক নাস্তিক্যবাদ কি নতুন কিছু যা মুক্ত চিন্তায় হঠাৎ পাওয়া গিয়েছে? আমরা বরং এভাবে বললে ভুল হবে না যে মানুষ যে-কাল থেকেই বিশ্ব জগত নিয়ে চিন্তা-ভাবনা করছে সেকাল থেকেই আস্তি-নাস্তিকতার ধারণা রয়েছে। কিন্তু বিশ্বাসীদের মধ্যকার কিছু “মৌলবাদী” তাদের অবস্থান যে কঠোরতায় বহন করেন, ব্লগ-জগতের কিছু মুক্তমনাও নাস্তিকতাকে সেই মিলিট্যান্ট কায়দায় বহন করেন। আস্তি-নাস্তিকতা উভয় দিক দিয়েই কালীন-পরম্পরায় আমাদের এসেছে।

এদিক থেকে “বংশ-পরম্পরায় আসা আপ্তবাক্যের ধারণা/বিশ্বাস অবলীলায় পরিত্যাগ করে” নাস্তিক হয়ে গেলে “পরিত্রাণ” হয়ে গেল, আর “বংশ-পরম্পরায় আসা আপ্তবাক্যের ধারণা/বিশ্বাস অবলীলায় পরিত্যাগ না করে” বিশ্বাসী থেকে গেলে “পরিত্রাণ-বঞ্চিত” থেকে গেল, এমনটি কি বাস্তবে দেখা যাচ্ছে? এখানে এই পরিত্রাণের বয়ানের একটি হচ্ছে পরকালীন পরিত্রাণ আর অন্যটি হচ্ছে সেক্যুলার বা জাগতিক পরিত্রাণ, এবং উভয় বয়ানই মহাবয়ান (grand-narrative)। কোনদিকের সমাজই এখনো তাদের মানবিক সমস্যাগুলো থেকে পরিত্রাণ পায় নি। তবে উভয় দলই আবার মিশনারি। 

মুক্তমনাগণ কম্পিউটার-ভাইরাসের উপমা দিয়ে বলেন বিশ্বাসীদের মাথায় নাকি ভাইরাস ঢুকেছে। কিন্তু এখানেও তারা ইচ্ছেমত উপমা নির্বাচন করে প্রতিপক্ষের উপর ‘আরোপ’ করেন। তারা নিজেদেরকে “বিজ্ঞানমনষ্ক” ভাবেন এবং প্রতিপক্ষকে “বিজ্ঞান-বিমুখ”। তাদের দাবি বিশ্বাসীরা “সংশয়ী” দৃষ্টিকোণ দিয়ে, ধর্মীয় মিথ ও অতিকথনকে দেখতে পান না বলে তারা মুক্তমনা হতে পারেন না!

বঙ্গদেশের মুক্তমনা

কে বা কাদেরকে মুক্তমনা বলে গণ্য করা হবে, বা করা হয় ― এ নিয়ে মুক্তমনা ব্লগ-সাইটে সংজ্ঞা এসেছে। তারা বলেন, “নাস্তিক (atheist), অজ্ঞেয়বাদী (agnostic), সংশয়বাদী (skeptic), মানবতাবাদীদের (humanist) সবাইকে সাধারণভাবে ‘মুক্তমনা সদস্য’ হিসেবে গণ্য করা হয়।” [১]।

আমরা আগেই জেনেছি যে মুক্তমনার পথ হচ্ছে পরিত্রাণের পথ, ধর্মের অন্ধত্ব পেরিয়ে পার্থিব মুক্তির পথ এবং এই পথ প্রতিষ্ঠার জন্য আন্দোলনের প্রয়োজন। কিন্তু আমরা ইউরোপ-আমেরিকায় যেসব নাস্তিক, অজ্ঞেয়বাদী, সংশয়বাদী, এবং মানবতাবাদীদের দেখি, তাদেরকে এই আন্দোলনে বা এই গ্রান্ড-ন্যারেটিভে সংযুক্ত দেখি না। পশ্চিমা বিশ্বের দার্শনিক ফুকোঁ (Michel Foucault), লিয়োটার (Jean-François Lyotard), হাইডেগার (Martin Heidegger), রোরটি (Richard Rorty), ডেরিডা (Jacques Derrida) প্রমুখ অনেক চিন্তাবিদ রয়েছেন, যাদের কেউ নাস্তিক, কেউ অজ্ঞেয়বাদী। কিন্তু তারা মডার্নিষ্ট এনলাইটেনমেন্টের এই মহা-বয়ানের (metanarrative) অন্তর্ভুক্ত নন, যে বয়ান মনে করে বিজ্ঞানবাদ ও যুক্তিবাদের মাধ্যমে মানবজাতির সমস্যার পরিত্রাণ সম্ভব ―অথবা নাস্তিকতা ও সংশয়বাদেই মানুষের মুক্তি নিহিত।

ফুকোঁ মুক্তির (emancipation) মহাবয়ানে সন্দেহ করতেন। তার মতে, মুক্তির বক্তব্য শেষ পর্যন্ত মানুষকে এক ধরণের শৃঙ্খল থেকে আরেক ধরণের শৃঙ্খলে দাখিল করে। রোরটির কাছেও এধরনের বক্তব্য ভাষিক খেলা (দেখুন Contingency, Irony, and Solidarity)। তার ভাষায়, এটি এক শ্রেণীর শব্দমালার মোকাবেলায় আরেক শ্রেণীর শব্দমালার প্রতিযোগিতা। সুতরাং কেবল নাস্তিক, অজ্ঞেয়বাদী বা সংশয়বাদী হলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে এই বিশেষ মুক্তমনাবাদের অনুসারী হয়ে যান না। সবাই সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর এনলাইটেনমেন্ট-প্রসূত মুক্তির বয়ানে অবস্থান গ্রহণ করেন না। লিয়োটারের ভাষায়, সেই মহাবয়ানের গ্রহণযোগ্যতা বহু আগেই গভীর প্রশ্নের মুখে পড়েছে। অবশ্য একদল মানুষ সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাইবেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

তবে একদল গোঁড়াপন্থি আধুনিকতাবাদী নাস্তিক এখনো মনে করেন, ধর্ম বর্জন করে নাস্তিকতা গ্রহণ করলেই মানবজাতির মুক্তি আসবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এটি নিছক মহামুক্তির বয়ান ― মেটান্যারেটিভ। এই ন্যারেটিভে ধর্মকে সমস্যার মূল এবং নাস্তিকতাতে সমাধান দেখে। এটি পৃথিবীতে মানব-স্বর্গ নির্মাণের স্বপ্নে জড়িত। কিন্তু ইতিহাস বলে, মুক্তির নামে প্রচারিত অনেক বয়ানই শেষ পর্যন্ত নতুন বিভাজন ও নতুন শত্রুতার জন্ম দিয়েছে।

তবে একথা অবশ্যই বলে রাখা দরকার যে, কোন মিলিট্যান্ট ধারণার সাথে বিশ্বের সকল নাস্তিক বা অজ্ঞেয়বাদীকে জড়িয়ে ঠিক নয়। আমাদের অনেক শিক্ষক, সহপাঠী এবং কর্মজীবনের সহকর্মীর মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদী দেখেছি। তাদের কাউকেই বাংলার কিছু মুক্তমনার প্রত্যয় ও কর্মকাণ্ডে দেখতে পাইনি। তাদের মধ্যে কখনো কোনো উগ্রতাও দেখিনি। সুতরাং বাংলার ব্লগাঙ্গনে যে নাস্তিক মিলিট্যান্সি দেখা যায়, সেটিকে সকল নাস্তিক বা অজ্ঞেয়বাদীর উপর আরোপ করা সমীচীন হবে না। আমরা এখন আলোচনার শেষের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমার কথাগুলোকে ধীরে ধীরে গুটিয়ে আনতে হবে। আশা করি পাঠকবর্গ সঙ্গে থাকবেন।

ধার্মিক কি মুক্তমনা হতে পারে?

আমাদের আলোচ্য শ্রেণীর মুক্তমনাদের ধারণা ধার্মিক লোক মুক্তমনা হতে পারে না। কিন্তু কেন পারে না -এর কোন সুসংহত উত্তর তাদের নেই ―আছে কেবল স্ববিরোধী বয়ান। নিচে মুক্তমনা ব্লগ সাইট থেকে তাদের যুক্তির কিছু নমুনা দেখানো হল [1] )। আমরা তাদের বক্তব্যের ফাঁকে স্কয়ার বন্ধনীর ভিতরে, সংক্ষেপে, আমাদের প্রশ্ন বা মন্তব্য স্থাপন করব।

“কোন ধার্মিক যদি মুক্তমনে তাঁর ধর্মবিশ্বাসকে বিশ্লেষণ করতে পারেন, তবে তাঁর নিজেকে মুক্তমনা বলতে আপত্তি থাকার কথা নয়।” [তাহলে, ‘বিশ্লেষণ করার ক্ষমতাই কি মুক্তমনা হওয়ার মূল ভিত্তি?] কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা তা না করে নিজের ধর্মটিকেই আরাধ্য মনে করেন, কোন কিছু চিন্তা না করেই নিজের ধর্মগ্রন্থকে ‘ঈশ্বর-প্রেরিত’ বলে ভেবে নেন [এখানে সকল ধার্মিকদের generalise করা হল, সকল ধার্মিক কি সত্যিই এমন?]। স্রেফ ঘটনাচক্রে [ তাই নাকি?] পৈত্রিক-সূত্রে পাওয়া যে ধর্মটিকে ‘নিজের’ বলে মনে করেন সেটাকেই ঈশ্বরের মনোনীত একমাত্র ধর্ম বলে বিশ্বাস করেন। [মুক্তমনা ধারণাটিও তো নতুন আবিষ্কৃত নয়। তাছাড়া কেউ পৈত্রিক সূত্রে কিছু পেলেই তা কী বর্জনীয় হতে হবে? নাস্তিকতাবাদ কি আমাদের মুক্তমনারা প্রবর্তন করেছেন, না এতে তাদের পূর্বসূত্রিতা আছে?] কথার ভিত্তিতে বাইবেল, কোরান বা বেদকে অন্ধভাবে [অন্ধভাবে?] অনুসরণ করে, বা নবী-রসুল-পয়গম্বর-মেসীয়তে বিশ্বাস করে নিজেকে কখনোই ‘ফ্রি থিঙ্কার’ বা মুক্তমনা বলে দাবি করতে পারেন না। [কিন্তু অন্ধভাবে খোদা-নাই বললে সে মুক্তমনাই থেকে যাবে?] মুক্তমনাদের আস্থা তাই বিশ্বাসে নয়, বরং যুক্তিতে” [১]। [এই বক্তব্যে অনেক যুক্তিহীনতা প্রকাশ পেয়েছে।]
এই প্যারাগ্রাফটিতে মুক্তমনাদের যুক্তির টানাপোড়েনই প্রকাশ পাচ্ছে। প্রথমে হল, “কোন ধার্মিক যদি মুক্তমনে তাঁর ধর্মবিশ্বাসকে বিশ্লেষণ করতে পারেন, তবে তাঁর নিজেকে মুক্তমনা বলতে আপত্তি থাকার কথা নয়।” অর্থাৎ এখানে বিশ্লেষণ-ক্ষমতাই মুক্তমনা হওয়ার মানদণ্ড করা হল। কিন্তু শেষ পর্যন্ত এসে বলা হল, “মুক্তমনাদের আস্থা তাই বিশ্বাসে নয়, বরং যুক্তিতে।” যদি তা’ই হয়, তাহলে, আগের মানদণ্ডকে পরে উলটে দেয়া হল। এই হচ্ছে যুক্তির উলটপালট।

মুক্তমনারা কি ধর্ম-বিরোধী?

আরেকটি নমুনা -একটি প্যারাগ্রাফ সামনে আনলে বিষয়টি আরও স্পষ্ট হবে। এখানে শব্দ চয়ন, বাক্য গঠন ও প্যারাগ্রাফটির প্রথমাংশ, মধ্যাংশ এবং শেষাংশের দিকে খেয়াল রাখতে হবে। উৎসটি মুক্তমনা ব্লগ সাইট।   

“মুক্ত-মনারা ধর্ম-বিরোধী নয়, বলা যায় অনেক মুক্তমনাই ধর্মের কঠোর সমালোচক। কারণ তাঁরা মনে করেন ধর্ম জিনিসটা পুরোটাই মিথ্যার উপর প্রতিষ্ঠিত। মুক্তমনারা সর্বদা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতি আস্থাশীল, আজন্ম লালিত কুসংস্কারে নয়। কুসংস্কারের কাছে আত্মসমর্পণ আসলে নিজের সাথে প্রতারণা ছাড়া কিছু নয়। তবে মুক্তমনাদের ধর্ম-বিরোধী হওয়ার একটা বড় কারণ হল, ধর্মগুলোর মধ্যে বিরাজমান নিষ্ঠুরতা। প্রতিটি ধর্মগ্রন্থের বিভিন্ন আয়াত এবং শ্লোকে বিধর্মীদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে ঢালাওভাবে, কখনো দেয়া হয়েছে হত্যার নির্দেশ। ইতিহাস সাক্ষ্য দেয়, ধর্ম আসলে জ্বিহাদ, দাসত্ব, জাতিভেদ, সাম্প্রদায়িকতা, হোমোফোবিয়া, অ-সহিষ্ণুতা, সংখ্যালঘু নির্যাতন, নারী নির্যাতন এবং সমঅধিকার হরণের মূল চাবিকাঠি হিসেবে প্রতিটি যুগেই ব্যবহৃত হয়েছে” (প্রাগুক্ত, মুক্তমনাব্লগ সাইট) [১]।

উপরোক্ত প্যারাগ্রাফের যৌক্তিক টানাপোড়নটি লক্ষ্য করুন। প্রথমেই বলা হল, “মুক্ত-মনারা ধর্ম-বিরোধী নয়।” কিন্তু কয়েক লাইন পরেই বলা হল, “মুক্তমনাদের ধর্ম-বিরোধী হওয়ার একটা বড় কারণ হল…”। তাহলে কোনটি সত্য? তারা কি ধর্ম-বিরোধী নন, নাকি ধর্ম-বিরোধী? আমার মনে হয় দ্বিতীয়টিই তাদের প্রকৃত অবস্থান। কারণ তাদের বিবরণ অনুযায়ী ধর্ম মিথ্যার উপর প্রতিষ্ঠিত, ধর্ম কুসংস্কার, এবং মানব-দুর্দশার অন্যতম কারণ। এমন দৃষ্টিভঙ্গিকে ধর্ম-সমালোচনা বলার চেয়ে ধর্ম-বিরোধিতা বলাই অধিক সঙ্গত।
স্ববিরোধটা তো দেখা গেল। কিন্তু আক্ষেপ হয় যে একটি প্যারাগ্রাফের সীমানায় যুক্তি যখন হোঁচট খায়, তখনও অন্যদের যুক্তিহীনতা নিয়ে রীতিমতো অভিযান চালানো হয়।

মানবজাতির ইতিহাস অনেক দুষ্কর পথ অতিক্রম করেছে। মানুষে মানুষে হানাহানি, যুদ্ধ ও দ্বন্দ্বের পেছনে ধর্ম কখনো কখনো ভূমিকা পালন করেছে বটে, এতে কোন সন্দেহ নেই। কিন্তু ধর্ম কখনোই একমাত্র উপাদান নয়। লোভ, ক্ষমতার আকাঙ্ক্ষা, জাতিগত স্বার্থ, অর্থনৈতিক দ্বন্দ্ব, ভূখণ্ড সম্প্রসারণ, গোত্রীয় পরিচয়, আমিত্ব এবং পারস্পরিক সমঝের ভিন্নতাও ইতিহাসের গতিপথ নির্ধারণ করেছে। ধর্মকে মানুষ বহুবার ব্যবহার করেছে; কিন্তু মানবজাতির সকল সংঘাতকে কেবল ধর্মে নামিয়ে আনলে ইতিহাসকে অতিসরলীকরণ করা হয়।

আলোচ্য মুক্তমনাদের সমস্যা কেবল এখানেই নয় যে তারা নাস্তিকতাকে যৌক্তিক ও বৈজ্ঞানিক বিবেচনা করছেন, বরং তাদের ধারণা নিয়ে অন্যদের উপর চড়াও হওয়া। ধর্ম নিয়ে তারা কঠোর সমালোচনা করেন তা কোন আপত্তির বিষয় নয়। কিন্তু ধর্ম নিয়ে নিয়ে হাসি-তামাশা, তুচ্ছ-তাচ্ছিল্য, বিদ্রূপ -এগুলো সুন্দর মানায় না। এসব কাজ নাগরিক জীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। আসলে কোন প্রকারের উগ্রতাই ভাল নয়, হোক না তা ধর্মের অথবা নাস্তিক্যবাদের।

শেষ কথা

প্রত্যেক মানুষই সমাজের সন্তান। তার সভ্যতা তার ভাষাকে যেভাবে সাজায়, সে বাল্যকালে ভাষায় প্রবেশ করার সাথে সাথে সেই ভাষাই তার সজ্ঞাকে সচেতন করে, তাকে ‘আমিত্বের’ চেতনায় আনে। সে ভাষা ও সংস্কৃতিতে সৃষ্ট এক চৈতন্যময়ী সত্তা। তার যুক্তির ব্যবহার ভাষিক, কিন্তু ভাষা বস্তুর আয়না নয়, বস্তুর প্রতিনিধিও নয়, যুক্তির ভাষিক ব্যবহারে সে যে ‘সত্য/অর্থ’ উপস্থাপন করে, তা সেই সত্যের আয়নার মত হয় না। অধিকন্তু, যে বস্তুকে তার যুক্তিতে ‘সত্য’ ভাবে, সঠিক ভাবে, সেটিকে যদি নতুন দৃষ্টিকোণ থেকে পুনরায় জিজ্ঞাসাবাদ (interrogate) করা হয়, তবে দেখা যেতে পারে যে সেই সত্যের ভেতরেই কিছু অনুচ্চারিত অনুমান, উত্তেজনা, টানাপোড়েন বা স্ববিরোধ নিহিত ছিল।

শেষ কথাটি এভাবেও বলা যায়: নাস্তিক্যবাদ হচ্ছে একটি ধারণা বা বিশ্বাস। মানুষের মনে অনেক রকমের ধারণা বা বিশ্বাস আসতে পারে। যা-কিছু আমাদের পঞ্চেন্দ্রীয়ের আওতাভুক্ত নয়, সেসব বিষয়ে কারও অভিমত ‘হ্যা-বাচক’ হতে পারে; কারো ‘না-বাচক’; আবার কারো অভিমত ‘নিরপেক্ষ’ থাকতে পারে। আবার কেউ বলতে পারে, ‘যা ইন্দ্রীয়গ্রস্ত নয়, সেটি আলোচনার বিষয়ই নয়’। এসব ক্ষেত্রে কোন পক্ষ অন্য কোন পক্ষের উপর চড়াও হওয়া ঠিক নয়। এখানেই আমার অবস্থান। আর সকলের প্রতি অনুরোধ যে সবাই যেন সহানুভূতিশীল আলোচনা/সমালোচনা করতে পারেন।

লেখক: মোনাওয়ার আহমদ

ভাষাতত্ত্ব, ধর্ম ও সমাজবিজ্ঞানের পাঠক

_______________________

[১] মুক্তমনা এডমিন, (২০০৮) মুক্তমনা কী? মুক্তমনা [অনলাইন] available at: http://mukto-mona.com/bangla_blog/?page_id=519 [Accessed 10 Oct 2012]

Share:

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।